দুর্গাপুর উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত


সাহেদ হোসেন দিপু
হাইমচরে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও শিক্ষক আ. রহমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দাতা সদস্য মো. নুরুল আমিন পাটওয়ারী।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। আর কয়েকদিন পরেই তোমাদের সেই শিক্ষা অর্জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার মাধ্যমে এ বিদ্যালয় থেকে কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছো তা প্রকাশ পাবে। তোমাদের ভাল ফলাফলের উপরই নির্ভর করবে বিদ্যালয়ের সুনাম এবং তোমাদের পরিবারের সুনাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খাঁন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য জহির মাঝি।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।