পাইকপাড়া দক্ষিণ ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহণ

স্টাফ রিপোর্টার :
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শওকত হোসেন বিএসসি’র শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল ওই ইউনিয়নে ইউপি নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে রিট আবেদন করেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হূমায়ুন কবির। ওই মামলায় বর্তমান চেয়ারম্যান শওকত বিএসসির পক্ষে রায় ঘোষিত হয়ে ৩ মাস আগে গেজেট প্রকাশিত হয়। মামলার প্রয়োজনীয় কাগজপত্র ও চিঠি ২৬ অক্টোবর নির্বাচন কমিশনে পৌঁছে। সে প্রেক্ষিতে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।