স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরানবাজার থেকে মোবাইলসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে হরিসভা এলাকা থেকে হাতেনাতে স্থানীয় জনতা তাদের আটক করে পুরানবাজার পুলিশ ফাঁড়ির পুলিশে খবর দেয়।
পরে ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ ও এএসআই মজিবুর ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন। আটকরা হলো- পুরানবাজার মেরকাটিজ রোড এলাকার মৃত মোসলেম মৃধার ভাড়াটে আবুল কালামের ছেলে সোহেল মাতাবর (২১) ও মেরকাটিজ রোডের বিল্লাল খান বাড়ির ভাড়াটে গিয়াস উদ্দিন ঢালির ছেলে মো. কালু ঢালী (২০)।
স্থানীয়রা জানায়, সকাল ৯টার শরীয়তপুর জেলার সখিপুর থানার কাচিকাটা থেকে ট্রলারের মাল নিয়ে মো. নুরউদ্দিন পাঠান পুরাণবাজার ১নং খেয়া ঘাটে আসে। সে ট্রলার থেকে নেমে বাকালি পট্টির বলাকা আবাসিক হোটেলের গলিতে গেলে ছিনতাইকারী সোহেল মাতাবর ও মো. কালু ঢালি নুরউদ্দিনকে শরীর তল্লাশির নামে ভয় দেখিয়ে সাথে থাকা দুইটি চার্জলাইট, দামি মোবাইল ও সাথে থাকা ১৪শ’ টাকা নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দুই ছিনতাইকারীদের হরিসভা এলাকা থেকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোনসহ ৯শ’ টাকা উদ্ধার করে পুলিশ।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ বলেন, ট্রলারের যাত্রীর কাছ থেকে ছিনতাই করে পালানোর সময় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল পাওয়া গেছে। আটকদের চাঁদপুর সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে। তবে ২০১৭ সালে আটক কালুর বিরুদ্ধে আরেকটি চুরির মামলা রয়েছে। এই মামলা আদালতে চলমান আছে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পুরাণবাজার থেকে দু’ছিনতাইকারী আটক
