ফরিদগঞ্জে পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশু উদ্ধার

মনির হোসেন
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইচলী-মুন্সিরহাট সড়কের চান্দ্রায় সিআইপি বেড়ি বাঁধের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক ছেলে শিশু উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার সময় স্থানীয় সকদি রামপুর গ্রামের অটোরিক্সা চালক আহসান গাজি তার রিক্সাটি নিয়ে যাওয়ার সময় চান্দ্রা ওয়াবদা ব্রিজ সংলগ্ন সাবেক ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন স্বপন মিয়াজির মার্কেটের কাছে সড়কের পাশে তোয়ালে মোড়ানো শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। শিশুটির আনুমানিক বয়স ৫/৭ দিন হবে। আশে পাশে কাউকে না পেয়ে শিশুটিকে উদ্ধার করে ঔষধ বাড়ি ব্রীজের কাছে নিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে শিশুটির কোন অভিভাবকের সন্ধান না পাওয়ায় বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান পাটওয়ারীকে জানানো হলে তিনি শিশুটিকে খাড়ঁখাদিয়া গ্রামের কামাল হোসেন গাজির জিম্মায় রাখার নির্দেশ দেন।
নবজাতক উদ্ধারের ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত উৎসুক মানুষ শিশুটিকে এক নজর দেখার জন্য কামাল গাজির বাড়িতে ভীড় জমায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান পাটওয়ারীর সাথে আলাপ করলে তিনি জানান, শিশুটিকে উদ্ধার করে কামাল গাজির জিম্মায় রাখা হয়েছে, প্রকৃত অভিভাবকের সন্ধান পেলে অবশ্যই শিশুটিকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
০৬ সেপ্টেম্বর, ২০২১।