মতলব আইসিডিডিআর,বির ২৯ জনের করোনা জয়

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআর,বি তে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২৯ জনই সুস্থ হয়ে বাড়ি পৌঁচেছেন। তাদের মধ্যে অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিডিডিআর,বির মতলব কার্যালয়। সূত্রটি আরও জানায়, এ হাসপাতালে ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এদের মধ্যে ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের স্বজনসহ ২৯ জনের দেহে করোনা পজেটিভ সংক্রমণ পাওয়া গেছে। তারা প্রত্যেকেই চিকিৎসা সেবা নিয়ে বর্তমানে সুস্থ হয়েছেন। এখানে করোনা আক্রান্ত ২৯ জনের মধ্যে ১১ জন স্টাফ ও বাকি ১৮ জন তাদের আত্মীয়-স্বজন। স্বাস্থ্যবিধি মেনে সবাই চিকিৎসা সেবা নিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল বলেন, ওই হাসপাতালের যেসব কর্মকর্তা-কর্মচারী ও স্বজনদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল চিকিৎসা শেষে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন। তাদের অনেকেই আবার কর্মস্থলে যোগদান করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা সংক্রমণ রোধে শুরু থেকেই আমরা সতর্ক ছিলাম। গত ১৪ এপ্রিল আইসিডিডিআর,বির একজন চিকিৎসকের দেহে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তবে আক্রান্ত ১শ’ ছাড়ালেও এখনো শনাক্ত কেউ মারা যায়নি। ঐ হাসপাতালের আক্রান্ত সবার সুস্থতার খবর শুনে ভালো লাগছে।

০৪ জুলাই, ২০২০।