মতলব উত্তরে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা


মতলব উত্তর ব্যুরো
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলার ছেঙ্গাররচর বাজার কালাচাঁদ বিগ্রহ মন্দিরের আয়োজনে শুক্রবার কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ছেঙ্গাররচর পৌরসভার কালাচাঁদ বিগ্রহ মন্দির থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে থানা রোড ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
কালাচাঁদ বিগ্রহ মন্দিরের সভাপতি শ্যামল কুমার বাড়ৈর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, জন্মাষ্টমী কমিটির সভাপতি রবীন্দ্র নারায়ণ রায়, কালাচাঁদ বিগ্রহ মন্দিরের সহ-সভাপতি লিটন বর্মন, তপন শীল, পূজারী বলরাম গোস্বামী।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা হাছান কাইয়ুম চৌধুরী, রাজিব রায়, ফুলচান বর্মন, প্রভাত বিশ্বাস, সুধীর দেবনাথ, নারায়ণ শীল, বাসু দাস, সোহাগ বাড়ৈসহ আরো অনেকে।
ইউএনও শারমিন আক্তার বলেন, মানুষে-মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল কৃষ্ণের একমাত্র লক্ষ্য। কৃষ্ণ আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার।

২৪ আগস্ট, ২০১৯।