অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে মাছ
………..নুরুল আমিন রুহুল এমপি
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে পুনঃখননকৃত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত, খাবার বিতরণ ও গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ঘনিয়ারপাড়ে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে মাছ চাষের কোন বিকল্প নেই। মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা মেটাবার জন্য মৎস্য একটি গুরুত্বপূর্ণ খাত। দেশের সব মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে মাছ। সে লক্ষ্যে আমরা কাজ করছি। মৎস্য ও প্রাণিজ খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮০ লাখ মানুষ জড়িত। তারা দেশের চাহিদা যেমন মেটাচ্ছে, রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা এনে দেশের অর্থনীতির চাকাকে সবল করছে।
উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন ফরাজী রতন, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, আশরাফুল আলম মিলন, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জামান সরকারসহ নেতৃবৃন্দ।
২০ জুলাই, ২০২০।
