
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী এএইচএম গিয়াস উদ্দিন। নির্বাচনে তফসিল ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ দিন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী মতলব ও চাঁদপুরে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করলেও চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী এএইচএম গিয়াস উদ্দিন ছাড়া কেউই মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করেনি।
এএইচএম গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞ জানান। এছাড়া দলীয় নেতা-কর্মী, সমর্থন ও সর্বসাধারণকে ধন্যবাদ জানান।
