
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে গত শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। উদ্বোধন শেষে বৃক্ষমেলায় অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, দেশকে সমৃদ্ধশালী করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেকে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। পরিবেশ দূষণ রোধে গাছের কোন বিকল্প নেই। প্রাকৃতিক ঝড়, বন্যা ও বড় ধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সবারই যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণ করা উচিত। অন্যদিকে ফলদ বৃক্ষরোপণ করলে পরিবারের আমিষের চাহিদাও পূরণ হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃক্ষমেলার স্থলে ফলদ যোগ করেছেন। কারণ বিদেশ থেকে আমাদের অনেক ফল আমদানী করতে হয়। যাতে আর বিদেশ থেকে ফল আমদানী করতে না হয়। যাতে দেশীয় ফল দিয়ে আমাদের চাহিদা পূরণ হয়। পুষ্টির ঘাটতি পূরণ হয়। সেজন্য ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, যুগ্ম সম্পাদক ফারুক বিন জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, থানার ওসি স্বপন কুমার আইচ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফাসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছের চারা রোপণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
১৭ সেপ্টেম্বর, ২০১৯।
