মতলব দক্ষিণে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সংবর্ধনা


মুক্তিযোদ্ধাদের কল্যাণে আ’লীগ সরকারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে :  এমএ ওয়াদুদ
মাহফুজ মল্লিক :
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে আ’লীগ সরকারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই মুক্তিযোদ্ধাদের কল্যাণে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছেন এ সম্মান অতুলনীয়। সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে আবারো মুক্তিযোদ্ধাদের অস্ত্র হাতে নিতে হবে। আমরা অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে পেয়েছি একটি সুন্দর বাংলাদেশ ও লাল সবুজ পতাকা। আসুন সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি।
তিনি আরো বলেন, ভারত সরকার আমাদের যে সম্মান দিয়েছেন, এ সম্মান সমগ্র বাংলাদেশের। ভারত সরকার বাংলাদেশেরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করে রেখেছেন, তা দেখার মতো। গত ২৩ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারতের ত্রিপুরা বিশ^বিদ্যালয়ের আমন্ত্রণে ২ দিনব্যাপী সেমিনারে যোগদান এবং ত্রিপুরার রাজ্যপাল, স্পিকার, বাংলাদেশ মিশন ও মুক্তিযুদ্ধের স্মৃতিসমূহ পরিদর্শনকালে দ্বিপাক্ষিক মতবিনিময় করে দেশে ফিরে আসায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্লাহ ছায়েদের সভাপতিত্বে ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, সংবর্ধিত অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মহসিন পাঠান, মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী দাস তাঁরা, এবি ছিদ্দিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখি, মতলব প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব পৌর যুবলীগের সভাপতি ও শহীদ পরিবারের সদস্য সোহাগ সরকার ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ পাঠান। পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুক্তিযোদ্ধা রুস্তম আলী তালুকদার ও গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ মজুমদার। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মৃনাল কান্তি সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাবেক সভাপতি মো. আমির খসরু, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে অনুষ্ঠান শেষে মতলবের বাইশপুরের কৃতী সন্তান প্রয়াত মুক্তিযোদ্ধা তোফাজ্জ্বল হোসেন সরকারের বাসায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এমএ ওয়াদুদ।