দু’দিনে ১৫ জন আক্রান্ত
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনের ব্যবধানে আজ ও কাল ১৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় সর্বমোট ৩৮ জন করোনা রোগী শনাক্ত হলো। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার ১০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৮ জনের পজেটিভ ও অপর দু’জনের নেগেটিভ ফলাফল আসে। এদের মধ্যে আগে সংক্রমিত দু’জনের নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় আজ করোনায় আক্রান্তদের পরিচয় জানা যায়নি। তবে মতলব সদর ও আশপাশের বাসিন্দারা বেশি সংক্রমিত হচ্ছে বলে দেখা গেছে।
সূত্রটি জানায়, এখনো কিছু নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। দেরিতে এ উপজেলায় করোনার সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর দ্রুত সংক্রমন বিস্তারে জনগণ আতঙ্কে আছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার রেড জোনের তালিকায়ও রয়েছে এ উপজেলাটি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল বলেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে। তিনি সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেন।
১৩ জুন, ২০২০।
