মতলবের গৌর নিতাই সম্প্রদায় সঙ্গীতে সেরা দল নির্বাচিত

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব জগন্নাথ দেবের মন্দিরে ৬৪ প্রহর (৮ দিন ব্যাপী) হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৮টি কীর্ত্তনিয়া দল কীর্ত্তন পরিবেশন করেন। কীর্ত্তনে মতলব গৌর নিতাই সম্প্রদায় দলটি কীর্ত্তন পরিবেশনায় সেরা দল হিসেবে নির্বাচিত হয়েছেন উপস্থিত ভক্তরা মতামত প্রকাশ করেছেন এ প্রতিনিধির সাথে। চমৎকার সঙ্গীত পরিবেশন করেছেন তাঁরা। নাম শুধা পরিবেশনায় রয়েছে- মতলব গৌর নিতাই সম্প্রদায়ের ১২ সদস্য বিশিষ্ট একটি সঙ্গীত দল।
গৌর নিতাই সম্প্রদায় দেশের ৬৪টি জেলার বিভিন্ন উপজেলায় সঙ্গীত পরিবেশন সুনাম অর্জন করেছেন। এক সময় এ দলের মধ্যে ৪ জন নারী ছিলো। রাসনীলাসহ ধর্মীয় কীর্ত্তনে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বর্তমানে এ দলে কোনো নারী সদস্য নেই। তবে এ দলটি নবীন এবং প্রবীণদের নিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে পৃষ্ঠপোষকতার অভাবে গৌর নিতাই সম্প্রদায় দলটি দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে না। উপজেলা শহরে থেকেই এ দলের ঐতিহ্য ধরে রেখেছেন।
স্বাধীনতার পূর্বে ও বর্তমান সময়ে গৌর নিতাই সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এ দলটি প্রতিষ্ঠা লাভ করে মতলব জগন্নাথ দেবের মন্দির থেকে। এক সময় এ দলের নেতৃত্ব দিয়েছিলেন সন্তোষ ভূঁইয়া (বল্টু ভূঁইয়া)। পরবর্তীতে সুধীর রঞ্জন এবং হরেকৃষ্ণ দাস (সাধু)। হরেকৃষ্ণ সাধুর মৃত্যুর পর এ দলের নেতৃত্ব দিচ্ছেন সঞ্জিত চক্রবর্তী। এ দলের সদস্যরা হচ্ছেন- রাধেশ্যাম গোস্বামী, বিজয় ঠাকুর, সবুজ চক্রবর্তী, কার্তিক রায়, মনা দাস, বিপদ শীল, মরন শীল, সুভাষ দাস, মিন্টু সরকার, পবিত্র সরকার, শিপন সরকার।
সঙ্গীত শিল্পী বিপদ শীল জানান, দীর্ঘ ৩২ বছর যাবত গৌর নিতাই সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত থেকে গান পরিবশেন করছি। এ দলের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। অর্থনৈতিকভাবে দলটিকে পৃষ্ঠপোষকতা করলে বর্তমান সময়ে দলটি আরো ভূমিকা রাখতে পারবে। ইতোমধ্যে আমাদের মাঝ থেকে হরেকৃষ্ণ সাধুসহ কয়েকজন পরলোকগমন করেছেন। তাদের শূন্যতা পূরণ হওয়ার মতো নয়। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি।
মতলব জগন্নাথ দেবের মন্দিরের উৎসব কমিটির সভাপতি নরেশ সাহা জানান, আমাদের গৌর নিতাই সম্প্রদায় ভাল সঙ্গীত পরিবেশন করেছেন। সারাদেশে বিভিন্ন জেলায় এ দলটির সুনাম রয়েছে। দলটির সার্বিক ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে।
উৎসব কমিটির সাধারণ সম্পাদক ও মতলব পৌরসভার প্যানেল মেয়র রোটা. কিশোর কুমার ঘোষ জানান, গৌর নিতাই সম্প্রদায় একটি ভাল ও সুসংগঠিত কীর্ত্তনিয়া দল। এ দলের গান সবাই শুনতে চায়। তাদের বাচন ভঙ্গী অত্যন্ত সুন্দর ও মধুময়। এ দলের পিছনে যারা রয়েছেন তাদের সব ক্ষেত্রে আমার সহযোগিতা থাকবে। মন্দিরে আগত ভক্তরা কীর্ত্তন শুনে গৌর নিতাই সম্প্রদায়ের প্রশংসা করেন এবং ৮ দিনব্যাপী কীর্ত্তনে ৬টি দলের মধ্যে মতলবের গৌর নিতাই সম্প্রদায়ের কীর্ত্তন শুনে সেরা দল হিসেবে নির্বাচিত বলে ভক্তরা মতামত ব্যক্ত করেন।