ফরিদগঞ্জ ব্যুরো
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ্ব ১৬ বছরের বালক ও বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা মঙ্গলবার (২২ ডিসেম্বর) ফরিদগঞ্জ এআর মডেল সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শিউলী হরি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যেতে হলে নৈতিক ও মূল্যবোধের কথা চিন্ত করে তথ্য প্রযুক্তির সাথে সাথে কর্মমুখী জীবনও গড়তে হবে। পড়ালেখার সাথে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। কারণ অলস বা কর্মবিমুখ ছেলে-মেয়েদের মাথায় খুব সহজে কুচিন্তা প্রবেশ করে। এতে করে তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ে। আর এর হাত থেকে বাঁচার জন্য অবসর সময় মাঠে বা বাড়ির আঙ্গীনায় খেলাধুলা করতে হবে।
তিনি আরো বলেন, তোমাদের সুস্থ ও উন্নত জীবনযাপনের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। কারণ, খেলাধুলাই তোমাকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে পরিচিত করে দিতে পারে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, তার নীতি আদর্শকে তোমাদের হৃদয় ধারণ করা। এতে তোমাদের জীবন হবে সমৃদ্ধ।
উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও এআর সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. সহিদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও ক্রীড়া শিক্ষক রাজিয়া সুলতানা প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ফুটবল প্রশিক্ষণার্থী ও বিজয়ী খেলোয়াড়দের পুরস্কৃত করেন।
২৩ ডিসেম্বর, ২০২০।
