স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন :  ডা. দীপু মনি এমপি

চাঁদপুরে চেক ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি বলেছেন, বর্তমান সরকারই নারীদের কর্মসংস্থানসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। যার ফলে নারীরা এখন ঘরে বসেই সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় চাঁদপুর সদর উপজেলাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষন কর্মসূচী-২ (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের অধীন নারী কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি আরো বলেন, আজ এই যে দেশে এতো উন্নয়ন তা সম্ভব হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে। কারণ, শেখ হাসিনার একটিই স্বপ্ন এদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করা। সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কাজেই সরকারের এই চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আপনাদের আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার নারীদের শিক্ষা ও চিকিৎসাসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করেছে। এছাড়াও পুরুষের পাশাপাশি নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্ব ও সমাজসেবা অফিসের কর্মকর্তা রবিউল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবর রহমান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিল আতিয়া পারভীন, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টারসহ আরো অনেকে।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার ১৩০ জন নারী কর্মীদের মাঝে এই চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়াও চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টর, ল্যাপটপ ও কম্পিউটার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ এবং জেএম সেনগুপ্ত রোড কদমতলাস্থ বাসভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।