শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে
হাইমচর ব্যুরো
চাঁদপুর-হাইমচরের উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে জড়িয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ এবং মিথ্যা বক্তব্য প্রত্যাহার করার দাবিতে হাইমচর উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।
গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মুখ সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াত এজেন্ট একটি কুচক্রী মহলের ইন্ধনে চাঁদপুরের উন্নয়ন বাঁধাগ্রস্ত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ঈর্ষাপরায়ন হয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভূমি অধিগ্রহণ নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে জড়িয়ে মিথ্যা ও অপপ্রচার করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ। যেখানে এখনো সরকার জমি অধিগ্রহণ/ক্রয় করেনি সেখানে দুর্নীতির অভিযোগ ও অপপ্রচার শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার ছাড়া কিছুই নয়। এই অপপ্রচার হাইমচরবাসী মেনে নেয়নি।
বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রীকে জড়িয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ কর্তৃক দেয়া মিথ্যা বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জেলার আওয়ামী লীগের পদে থেকে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে এমন বক্তব্যে দল এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নাসির উদ্দিন বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। অনতিবিলম্বে দলের শৃংখলা ভঙ্গের অভিযোগে নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ কর্তৃক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে গত সোমবার রাতে জরুরি সভা করে হাইমচর আওয়ামী লীগ প্রতিবাদ আয়োজন করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, দক্ষিণ আলগী ইউনিয়নের সভাপতি আহাম্মদ রাজা পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলী আহমেদ, আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খান, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, মহিলা আওয়ামী লীগের নেত্রী লায়লা আনজুমা বানুসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৭ জানুয়ারি, ২০২২।
