
হাইমচর ব্যুরো
চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে জেলা পরিষদ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান পাটওয়ারী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে জঙ্গিবাদ, দুর্নীতি, বাল্যবিবাহ প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুবসমাজকে লড়াই করতে হবে। বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার খেলাধুলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলেই আজ বিশ্বের মাঝে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট সুনাম রয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় হাইমচরের প্রত্যেকটি এলাকায় ক্রীড়া সংস্থার মাধ্যমে খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে।
আয়োজক কমিটির সদস্য সবুজ পাটওয়ারীর সভাপতিত্বে ও স্থানীয় যুবলীগ নেতা মো. কবির হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনি, যুবলীগ নেতা নাজিউর রহমান গাজি, নোয়াব মোল্লা, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল।
সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাউছার মেম্বার, সোহেল পাটওয়ারী, সোহাগ মাঝি, পলাশ শিকদার, হাফেজ ছৈয়াল, উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক গাজি সুজন, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. মামুন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন লক্ষন চন্দ্র ও মজিবুর রহমান।
