মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে ২৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
গতকাল সোমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বাংলা ১ম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় আরবি ১ম পত্র ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর উপজেলায় ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৪শ’ ২৭ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩ হাজার ৪শ’ ১১ জন, অনুপস্থিত ১৬ জন।
৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দাখিল পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিল ৯শ’ ৪৪ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৯শ’ ৩৬ জন, অনুপস্থিত ৮ জন।
অপরদিকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ভোকেশনাল পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২শ’ ৫৭ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২শ’ ৫৫ জন, অনুপস্থিত ২ জন।
পরীক্ষা শুরুর পর থেকে সবগুলো কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এবং শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
