
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে চাঁদপুর থেকে ছেড়ে আসা লাকসামগামী ট্রেনের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর-লাকসাম রেল সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদ ভবনের দুইশ গজ দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের পঞ্চায়েত বাড়ীর মৃত আব্দুল হালিম সওদাগরের ছেলে। তিনি দূর্ঘটনাস্থল এলাকায় নতুন বাড়ী করে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি বাকিলা ইউনিয়ন বিএনপির প্রবীণ সদস্য ও বাকিলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। নিহত সিরাজুল ইসলামের স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে।
নিহতের নিকট আত্মীয় রইফুল ইসলাম জিলানী জানান, এ দিন দুপুর ১টায় সিরাজুল ইসলাম জুমার নামাজ পড়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এরপর মসজিদে যাওয়ার পথে লাকসামগামী সাগরিকা ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে পুলিশ এসে নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে যায়।
চাঁদপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ছারওয়ার আলম জানান, সিরাজুল ইসলাম রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া লাকসামগামী সাগরিকা কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তীতে মরদেহ উদ্ধারপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
