হাজীগঞ্জে পৌর ৭নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ফুডপ্যাক বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে রমজান উপলক্ষে কর্মহীন লোকজনের মাঝে ফুড প্যাক (খাদ্য ও ইফতার সামগ্রী) বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) বিকালে পৌরসভাধীন ৭নং ওয়ার্ডে অর্ধ-শতাধিক পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীরের আহ্বানে কর্মহীন লোকজন, অস্বচ্ছল ও দরিদ্রের মাঝে এই খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এর আগে গতকাল পৌরসভার ৮নং ওয়ার্ডে শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।
এছাড়া এপ্রিল মাসে পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণকালে দ্বীনি সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা ছদর আলহাজ মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আলহাজ খোরশেদ আলম সর্দার, সাবেক ছদর শাহজাহান মিজি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহদাত হোসেন প্রধানীয়া উপস্থিত ছিলেন।
ফুডপ্যাক বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল গাজী, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৬ মে, ২০২০।