এস.এম চিশতী
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায়ের উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। পরে স্থানীয় সমবায়ীদের নিয়ে র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. গোলামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, জাতীয় সমবায় ফেডারেশনের সদস্য ও আলীগঞ্জ কাজী রিয়াজ উদ্দিন ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ, সমবায়ীদের পক্ষে সেবা বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইকবালুজ্জামান ফারুক।
উপজেলা সমবায় অফিসের কম্পিউটার অপারেটর রকি সাহার উপস্থাপনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আবুল বাসার। অনুষ্ঠানে সরকারি অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
৮ নভেম্বর, ২০২০।
