আর্থ-সামাজিক উন্নয়নে সবার সঙ্গে মিলে চলতে হবে
……..মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস
মতলব উত্তর ব্যুরো
সমবায় শক্তি, সমবায় মুক্তি’ এই স্লোগানে ও ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়ে মতলব উত্তরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এমএ কুদ্দুস বলেছেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দেশকে দারিদ্র্য থেকে মুক্ত করা।
তিনি বলেন, দারিদ্র্য হ্রাসের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছি। আমাদের সর্বদা একটি লক্ষ্য দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, তাদের দারিদ্র থেকে মুক্ত করা এবং দেশকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করা।
তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব এখন একটি বৈশ্বিক গ্রাম। আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সবার সঙ্গে মিলে চলতে হবে। আমরা মনে করি, এই কাজগুলো শুধু আমাদের জন্য নয়, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতেও অনেক অবদান রাখবে। সমবায়ের কাজে যারা দক্ষ তাদের প্রশিক্ষণ দিতে হবে এবং সৎভাবে তারা যেন কাজ করে সেই বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত মাও. মো. আক্তার হোসেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মো. আমান উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন মতলব কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি ফয়েজ আহমেদ রাসেল চৌধুরী, ফরাজীকান্দি নারী উন্নয়ন সমিতির সদস্য ডলি বেগম, সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
আলোচনা সভা শেষে সমবায়ী ফিল্ডকর্মীদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়।
৮ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
