মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছেন স্ব-স্ব সংগঠনের কেন্দ্রিয় নির্বাহী কমিটি। একই সাথে যুবদল ও ছাত্রদলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিসমূহ বিলুপ্ত ঘোষণা করা হয়।
এ দিন রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। পরবর্তীতে উল্লিখিত দু’টি নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সংশ্লিষ্টতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা ও হাজীগঞ্জ পৌর যুবদল এবং তাদের অধীনস্থ ইউনিয়ন ও ওয়ার্ডসহ সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
শীঘ্রই ঐ ইউনিট দুটির নতুন কমিটি ঘোষণা করা হবে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদগ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
অপরদিকে কেন্দ্রিয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলা শাখার অধীনস্থ হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিসমূহ মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।
শীঘ্রই ঐ ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি পদে আলহাজ ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে এম.এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো দায়িত্বরত ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল ও সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম ও সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী দায়িত্বরত ছিলেন।
অপরদিকে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদে এস.এম ফয়সাল হোসাইন ও সদস্য সচিব জুয়েল রানা তালুকদার এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক পদে মো. আবু ইউছুফ ও সদস্য সচিব দ্বীন ইসলাম টগর এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন ও সদস্য সচিব ইমরান হোসেন সৈকত দায়িত্বরত ছিলেন।
২২ সেপ্টেম্বর, ২০২৪।
