
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মো. আলী আজগর (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ সিএন্ডবি অফিসের সম্মুখে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আজগর পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণপাড়া কাশেম কাউন্সিলর বাড়ির মৃত আবু সাঈদের ছোট ছেলে। তার স্ত্রী সন্তান সম্ভবা ও হাফসা নামের তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের নিকটাত্মীয় নাছির উদ্দিন জানান, কিছুদিন আগে আলী আজগর ওমান থেকে একেবারে দেশে ফিরে এসেছেন। তিনি তার চাচাতো ভাইয়ের মেয়ের নির্মাণাধীন বিল্ডিং দেখাশুনা (তদারকি) করতেন। শনিবার সকালে ওই বিল্ডিংয়ে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত আলী আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। পরে লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বাড়িতে এনে, বাদ আছর (শনিবার) জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসার পর নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
