১৫ কোটি টাকার কারেন্টজাল ও ইঞ্জিনচালিত নৌকা আটক

মোহনপুর নৌ পুলিশের ইলিশ রক্ষায় ৬ দিনের অভিযান

মতলব উত্তর ব্যুরো
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ডিমওয়ালা ইলিশ শিকারের ঘটনায় গত ৬ দিনে (১৪ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত) নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে ৭ জেলেকে একমাস বিনাশ্রম মেয়াদে সাজা দেয়া হয়েছে। ৪জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জব্দ করা হয়েছে জেলে নৌকা, অবৈধ জাল এবং শিকার করা মাছ। অবৈধ কারেন্টজাল ও ইঞ্জিনচালিত নৌকার মূল্য প্রায় ১৫ কোটি ১৭ লাখ ৫ হাজার টাকা। আগামি ৪ নভেম্বর পর্যন্ত নৌ পুলিশের এ অভিযানকে আরো জোরালো করা হয়েছে।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার জানান, মোহনপুর নৌ-পুলিশ ফাড়ির সব সদস্য ইলিশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। উপজেলা টাস্কফোর্সের সহায়তায় আমরা কাজ করছি।
নৌ-পুলিশ সূত্র জানায়, এ বছর ২২ দিনে (১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন নদীতে লাখ লাখ ডিম ছাড়ে মা ইলিশ। এসব ডিম ফুটে ইলিশের প্রজনন বাড়ে। কিন্তু অসাধু জেলেরা অবাধে মা ইলিশ শিকার করার ফলে ডিম ছাড়ার আগেই মারা পড়ে মা ইলিশ। অবাধে মা ইলিশ নিধনের কারণে ইলিশ কমে আসায় সরকার প্রতিবছর ২২ দিন (১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর) নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে। এর পর থেকে ইলিশের উৎপদান বাড়তে শুরু করে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেও অবৈধভাবে মা ইলিশ শিকার করার ফলে আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বয়ে এবার মা ইলিশ শিকার পুরোপুরি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় সম্পদ ইলিশের অবাধ প্রজনন বাড়াতে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় প্রজনন এলাকায় বিশেষ টহল শুরু করেছে মোহনপুর নৌ পুলিশ।
২১ অক্টোবর, ২০২০।