১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

খেলাধুলার আরো প্রসার ঘটাতে হবে
…….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টর
অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠার ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই। করোনার কারণে দু’বছর আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা করতে পারেনি। আজ যে দুই দল খেলায় অংশ নিয়েছে তাদের উভয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, খেলোয়াড়সুলভ মনোভাব বঝায় রাখার জন্য।
তিনি বলেন, এই জেলায় যেমন শিল্প সংস্কৃতির ঐতিহ্য রয়েছে। তেমনি খেলাধুলার ঐতিহ্যও কম নয়। খেলাধুলার আরো প্রসার ঘটাতে হবে। যাতে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠতে পারে এবং মাদক ইভটিজিংসহ সামাজিক অপরাধ থেকে দূরে থাকে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফুটবল উপ-কমিটির সাধারণ সম্পাদক সাহির হোসেন পাটওয়ারী ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হওয়ায় ফরিদগঞ্জ উপজেলা ট্রাইবেকারে ৪-২ গোলে চাঁদপুর সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ অতিথিরা।

১৪ অক্টোবর, ২০২২।