জাহাঙ্গীর আলম ইমরুল
ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন কুমিল্লায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে শায়িত হলেন। বুধবার (২৯ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা ঈদগাহ সংলগ্ন কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। সকাল ১১টায় ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু শুভাকাক্সক্ষী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সাংবাদিক হুমায়ুন কবীর খোকন দৈনিক সময়ের আলোর আগে দৈনিক আমাদের সময়, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় প্রধান প্রতিবেদক ও দৈনিক আজকের কাগজ, মানবজমিন, দৈনিক মাতৃভূমিসহ বিভিন্ন গণমাধ্যমে বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
সদা হাস্যোজ্জল ও বিনয়ী হিসেবে সুপরিচিত হুমায়ুন কবীর খোকন ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি ছিলেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে তার নিজ জেলা কুমিল্লার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কুমিল্লা জেলা প্রেসক্লাব, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা উত্তর জেলা প্রেসক্লাব, বাঙ্গরাবাজার প্রেসক্লাব, মুরাদনগর উপজেলা প্রেসক্লাব, মুরাদনগর প্রেসক্লাব, মুরাদনগর রিপোর্টার্স ইউনিটি, মুরাদনগর উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও বাঙ্গরা বাজার প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে সাংবাদিক হুমায়ুন কবীর খোকন রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রিজেন্ট হাসপাতালের পরিচালক মোহাম্মদ শাহেদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন হুমায়ুন কবির খোকন। রাত পৌনে ১০টায় মারা যান তিনি। তার মধ্যে করোনার কিছু উপসর্গ ছিল। সে কারণে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
২৯ এপ্রিল, ২০২০।
