কৃষকদের সার ও বীজ বিতর

নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান  : ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল :
চাঁদপুরে প্রণোদনা উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত শনিবার বেলা ১১টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে রবি ও খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা প্রণোদনা, ভূট্টা প্রণোদনা, বিটি বেগুন প্রনোদন ও গ্রীষ্মকালীন মুগ প্রণোদনা কর্মসূচির মোট ১ হাজার ৩ জনের মাঝে মোট ১শ’ ৩৮ কেজি সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। শেখ হাসিনা সরকারের আমলেই কৃষকরা তাদের ন্যায্য অধিকারগুলো সময়মত পেয়ে থাকে। যা বিগত কোন সরকারের আমলে করা হয়নি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণবান্ধব সরকার। তাই আগামি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দিল আতিয়া পারভীন।
উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল মান্নান মিয়ার পরিচালনায় এসময় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ ওলিসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, সরিষা প্রণোদনা কর্মসূচিতে ১শ’ ৮০ জন কৃষককে বিঘা প্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমপিও সার দেওয়া হয়। ভূট্টা প্রণোদনা কর্মসূচিতে ৭শ’ জন কৃষককে বিঘা প্রতি ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমপিও সার দেওয়া হয়। বিটি বেগুন প্রণোদনা কর্মসূচিতে ৩ জন কৃষককে বিঘা প্রতি ২০ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমপিও সার বিতরণ করা হয়। গ্রীষ্মকালীন মুগ প্রণোদনা কর্মসূচিতে ১শ’ ২০ জন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমপিও সার বিতরণ করা হয়।