এস এম সোহেল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলার ৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রিয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, বর্তমান এমপি ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
চাঁদপুরের ৫টি আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৫২ জন। সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী ছিলেন চাঁদপুর-৪ আসনে। সেখানে ১৭ জন নৌকা চেয়েছিলেন। আর সবচেয়ে কম ছিল চাঁদপুর-১ আসনে ৬ জন। এছাড়া চাঁদপুর-৩ আসনে ৭ জন, চাঁদপুর-২ আসনে ১২ জন ও চাঁদপুর-৫ আসনে ১০ জন নৌকা চেয়ে ফরম জমা দেন।
২৭ নভেম্বর, ২০২৩।
