শাহ্ আলম খান
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে ইকবাল মাহমুদ খোকন নামে ব্যবসায়ীকে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৩ আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুন) দুপুরে আটক আসামিদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
আসামিরা হলেন- পশ্চিম সকদী গ্রামের খাঁ বাড়ির এবং মামলার এক নম্বর আসামি দেলোয়ার হোসেন দেলুর ছেলে মো. মোরছালিন (২১), দেলুর স্ত্রী জোসনা বেগম (৪১) ও মৃত আমির খাঁর ছেলে মো. শহীদ উল্লাহ (৬৫)।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়ার নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার (২১ জুন) দিবাগত রাত ১টার দিকে উল্লেখিত ৩ আসামিকে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকার দেলপাড়া নামক স্থান হতে দীর্ঘ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেন।
চাঁদপুর মডেল থানার ওসি মোহম্মদ আব্দুর রশিদ বলেন, নিহত খোকন ও আসামিরা একই বাড়ির বাসিন্দা। খোকনের সাথে আসামিদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত ৩০ মে সন্ধ্যায় আসামিরা খোকনকে একা পেয়ে মারধর এবং ধারালো অস্ত্রের দ্বারা জখম করেন।
এ সময় অন্য আসামিরা খোকনকে ধরে রাখলে অপরাপর আসামিরা খোকনের মৃত্যু নিশ্চিত করার জন্য এক নম্বর আসামি দেলোয়ার হোসেন দেলু পূর্ব হতে রাস্তার পাশে এনে রাখা পেট্রোলের বোতল নিয়ে ভিকটিমের গায়ের মধ্যে ঢেলে দিলে গ্রেপ্তার হওয়া আসামি মোরছালিন দিয়াশলাই দিয়ে খোকনের গায়ে আগুন দেয়। ভিকটিম আগুনে ছটফট করতে থাকলে তারা খোকনের দোকানের সার্টার লাগিয়ে তালাবদ্ধ করে রাখে। খোকনের চিৎকারে আশপাশের লোকজন এসে দোকানের ঝাপ খুলে তাকে উদ্ধার করে।
তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় খোকনকে প্রথম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেলে রেফার করে। স্বজনরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল হাসিপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন সকালে মৃত্যুবরণ করেন খোকন। এই ঘটনায় নিহতের বড় ছেলে মঞ্জুর বাদী হয়ে আদালতে মামলা করেন।
২৩ জুন, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ব্যবসায়ী খোকন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
Post navigation
