হাজীগঞ্জে শিশু বলৎকারের অভিযোগে বৃদ্ধ জেলহাজতে

 

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে বলৎকারের (ধর্ষণ) অভিযোগে মো. সেলিম চৌধুরী (৫৫) নামের এক বৃদ্ধকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এরআগে সোমবার দিবাগত রাতে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। বলৎকারের শিকার শিশুটি একই গ্রামের।
এ দিন বিকালে ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের সামনে একটি ফসলের জমিতে এই বলৎকারের ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধ মো. সেলিম চৌধুরী ওই বাড়ির মনু চৌধুরীর ছেলে। তিনি এর আগেও এক ছাত্রীকে শ্লীলতাহানীসহ অপর এক শিশুকে যৌন হয়রানির চেষ্টা করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই ঘটনায় স্থানীয়ভাবে সালিশী বৈঠকও হয়েছিল বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বিকালে খেলতে গিয়ে বলৎকারের শিকার হয় শিশুটি। এরপর সে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার বাবা-মাকে ঘটনাটি জানান। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু ও তার বাবা-মায়ের সাথে কথা বলে। এরপর শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত সেলিম চৌধুরীকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ এবং আটক সেলিম চৌধুরীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
২৩ জুন, ২০২১।