চান্দ্রায় সড়কের উন্নয়ন কাজ উদ্বোধনে ডা. দীপু মনি এমপি বলেন উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে

 

এস এম সোহেল :

চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে ভাটিয়ালপুল চৌরাস্তার পাকাকরণ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকালে কাজের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ উপলক্ষে চান্দ্রা চৌরাস্তায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. দীপু মনি এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ৩য় সৎ রাষ্ট্র প্রধান হওয়ার গৌরব অর্জন করেছেন। এ অর্জনে আমরা পুরো জাতি গর্বিত। তিনি দেশের জনগণের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে জনবান্ধব সরকারকে সুযোগ দিতে হয়। আপনারা আওয়ামী লীগ সরকারকে ৯ বছর সুযোগ দিয়েছেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আগামি দিনেও নৌকার বিজয়কে সুনিশ্চিত করে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন, আপনারা আমাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে সংসদ সদস্য করেছেন বলেই আমি চাঁদপুরের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সংসদ সদস্য হয়ে এমন কোনো কাজ আমি করিনি যার জন্য আপনাদের সম্মান নষ্ট হয়েছে। আগামি সংসদ নির্বাচনে আমি আবারো আপনাদের কাছে এসে ভোট চাইবো। আমি বিশ্বাস করি আগের মতো আগামি নির্বাচনেও আপনাদের মূল্যবান ভোট দিয়ে জেলার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন আ.লীগের সভাপতি সায়েদ গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক মন্টু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, হানারচর ইউপি চেয়ারম্যান ছাত্তার রাঢ়ি, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।

সড়কের পাকাকরণ উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।