মাহফুজ মল্লিক
মতলব বাবুরহাট পেন্নাই সড়কের বরদিয়া বাজার এলাকায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় মাইক্রো-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ ৪ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন – মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের জালাল উদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন (৫০), চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী(২৮), নতুনবাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর (১৪) ও ৭০ বছর বয়সী অজ্ঞাত নারী।ঘটনার সাথে-সাথে সিএনজি ও মাইক্রো চালক পালিয়ে যায়।
এদিকে নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপি আশঙ্কাজনক অবস্থায় (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনাটি ঘটে মতলব-বাবুরহাট সড়কের বরদিয়া আড়ং বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় , চাঁদপুর থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি (ঢাকা-থ-১১-২৭৯৬) মতলবের দিকে রওয়ানা হলে বরদিয়া আড়ং বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোর (ঢাকা মেট্রো-চ-১৯-৮০১২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই জসিম উদ্দিন মোল্লা নামক এক যাত্রী মারা যায়। অন্য যাত্রীদের রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে আরো ৩ জন মারা যায়।
এদিকে বিক্ষুব্ধ জনতা প্রায় ঘন্টাখানেক সড়কে যান চলাচল বন্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে উত্তেিজত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থল থেকে যাত্রী জসিম উদ্দিন মোল্লার লাশ উদ্ধার এবং দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রো ও সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অপর তিনজনের লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালে রয়েছে।
০৩ ফেব্রুয়ারি, ২০২২।
