মতলব উত্তরে ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

মতলব উত্তর উপজেলার টরকী এম ওয়াদুদ সরকার ১০ শয্যা মা ও শিশু কল্যাণ হাসপাতালের নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার সায়েম সুমন শেখ (২৬) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সকালে ওই হাসপাতালের পাশে একটি টিনশেড ঘরে গলায় ফাঁস দেয়া লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লাল মিয়া।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি, হত্যা তা বুঝা যাবে রিপোর্ট আসলে।
তিনি আরো জানান, ওই ব্যক্তির বাড়ি বাগেরহাট সদর উপজেলার চরগ্রামে। সে হোম স্ট্রিট বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে কাজ করতো। গত ৫ মাস আগে সে মতলবেই বিয়ে করে। তার ব্যক্তিগত জীবনে কলহ আছে বলে আমরা জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, সে রাতেই ফাঁস দিয়েছে।
মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, সাইড ইঞ্জিনিয়ার সায়মন সুমন শেখের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে, মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, এসআই মহিউদ্দিন, এসআই হাবিবুর রহমান, এসআই নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

০৪ জুলাই, ২০২০।