ফরিদগঞ্জে নুতন ব্রিজ, রাস্তা ও স্কুল ভবন উদ্বোধন

প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলা করে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন
…মুহাম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ ব্যুরো
সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান এমপি শনিবার (৪ জুলাই) ফরিদগঞ্জ উপজেলার বেশ কিছু নুতন ব্রিজ, রাস্তা ও স্কুল ভবন টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, মহান আল্লাহর কৃপায় শত সংকটে নানা দুর্যোগ মোকাবেলা করে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে যে অঙ্গীকার করেছেন তা বাস্তবে আজ প্রমাণিত। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন দেশের অগ্রযাত্রা আরো সমৃদ্ধ হতে থাকবে।
তিনি বলেন, এই দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন আজ তা বাস্তবে রূপ নিচ্ছে। বিগত সরকারগুলো এদেশের মানুষের ভাগ্য নিয়ে তামাশা করেছে। তারা সাধারণ মানুষের উন্নয়নে চিন্তা না করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। আওয়ামী লীগ সরকার লুটপাট আর ভোগের রাজনীতি বুঝে না বিধায় আজ নানা দুর্যোগেও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে না।
তিনি বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাসে সারা বিশ্ব আজ অসহায় হয়ে পড়ছে। কিন্তু মহান আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই দুর্যোগ মোকাবেলা করে দেশের মানুষ যেন বিনা চিকিৎসা বা খাদ্য অভাবে না পড়ে সেজন্য একটি সময়োপযুগী বাজেট ঘোষণা করেন। এই বাজেট বাস্তবায়ন হলে দেশ ও দেশের মানুষের চিত্র পরিবর্তন হয়ে যাবে।
এর আগে মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের অধীনে ২০১৮-১৯ ও ১৯-২০ এর অর্থবছরের উপজেলায় নুতন ২৭টি ব্রিজ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ ও ১৯২০ এর অর্থবছরের নুতন ২টি ব্রিজ ২টি স্কুল ও ১টি রাস্তা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, পিআইও মিল্টন দস্তিদার।
এছাড়া আওয়ামী লীগ নেতা খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুবলীগ নেতা আবু সুফিয়ান, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা জিএম তাবাচ্ছুম, রফিকুল ইসলাম মেম্বার, নজরুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

০৪ জুলাই, ২০২০।