প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা’দের উপর প্রত্যাশা অনেক বেশি
-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
প্রেস বিজ্ঞপ্তি :
‘আদর্শ মায়ের অনুপ্রেরণায় আগামি প্রজন্ম গড়ে তুলবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে ধারণ করে উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি’র সার্বিক সহযোগিতায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম।
তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক হিসেবে মায়েদের উপর প্রত্যাশা অনেক বেশি। শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী এই তিনের সমন্বয় থাকলে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে। শিক্ষার্থীরা যেন নিয়মিত ও সময়মতো স্কুলে আসে সে বিষয়ে অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে। এই বিদ্যালয়ে কোন অসচেতন অভিভাবক নেই যা আজকের উপস্থিতিই প্রমান করে। লেখাপড়ার পাশাপাশি সন্তানদের স্বাস্থ্য ও খাবারের প্রতিও খেয়াল রাখতে হবে। সন্তানদের পরিচর্যায় মায়েদের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। অভিভাবক সমাবেশে বাবাদের উপস্থিতির হার মা’দের তুলনায় অনেক কম। আশা করছি আগামিতে বাবাদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, সন্তানদের শুধুমাত্র বিদ্যালয়ে পাঠালেই হবে না। ওদের সকল দিকে বাবা-মাকে তদারকী করতে হবে। স্কুলের যেসব সমস্যা রয়েছে আমরা প্রত্যাশা করছি পর্যায়ক্রমে তা সমাধান করা হবে।
সনাক সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মনোহর আলী।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের মতামত, জিজ্ঞাসা ও পরামর্শ বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পর্বটি পরিচালনা করেন সনাক সভাপতি কাজী শাহাদাত। এসময় মতামত ব্যক্ত করেন খালেদা খানম, মমতাজ বেগম, রতœা বেগম, হাজেরা বেগম, মিশরী বেগম ও সুমি বেগম।
অভিভাবকদের কাছ থেকে উত্থাপিত বিভিন্ন বিষয়/প্রস্তাবের আলোকে এসএমসি’র ভূমিকা আলোচনাপূর্বক বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহ আলম মল্লিক। অভিভাবকদের উদ্দেশে অ্যাকটিভ মাদার্স ফোরামের পরিচিতি ও তাদের কার্যক্রমের সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সিদ্দিকী।
সনাকের সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যার সঞ্চালনায় বিগত অভিভাবক সমাবেশের কার্যবিবরণীর সার সংক্ষেপ উপস্থাপন ও অগ্রগতি পর্যালোচনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা।
