মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ অভিযানে চারটি ইটভাটায় ১৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আমজাদ হোসেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চারটি অবৈধ ইটভাটায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পৃথকহারে এ জরিমানা আরোপ ও আদায় করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯, এর ৫ (১) ও ৫ (২) লংঘন করে ইটভাটা পরিচালনা করায় উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে অবস্থিত মেসার্স সেলিম ব্রিকসে নগদ ৪ লাখ, মেসার্স অনি ব্রিকসে ৪ লাখ, মেসার্স রনি ব্রিকস-টু’তে ৫ লাখ ও মেসার্স মার্ক ব্রিকসে ৪ লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, এদিন দুপুরে হাজীগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটা স্থাপন আইন লঙ্গন করায় মেসার্স সেলিম ব্রিকস, মেসার্স অনি ব্রিকস, মেসার্স রনি ব্রিকস-২ ও মেসার্স মার্ক ব্রিকসের বিরুদ্ধে প্রসিকিউশন প্রদান করে পরিবেশ অধিদপ্তর ও চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
এসময় উপস্থিত ছিলেন যৌথবাহিনীর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষনিক মেসার্স সেলিম ব্রিকসে নগদ ৪ লাখ, মেসার্স অনি ব্রিকসে ৪ লাখ, মেসার্স রনি ব্রিকস-টু’তে ৫ লাখ ও মেসার্স মার্ক ব্রিকসে ৪ লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটাসমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৫ ফেব্রুয়ারি, ২০২৫।
