স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস ও অঙ্গীকার ক্রীড়া চক্রের ২৬ বছর পূর্তি উপলক্ষে সাবেক ক্রিকেটার মশিউর রহমান শামীম মোবাইল কাপ মিনি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল থেকে চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর শহরে আসলে খেলার মাঠ নেই। এই একটি মাঠ এখানে রয়েছে, তাও এ বিদ্যালয়ের ব্লিডিং ১০ তলা করার কথা রয়েছে। আমি অনুরোধ করেছি শিক্ষামন্ত্রীর কাছে যেন ১০ তলা ভবনটি মাঠের উপরে তৈরি না করে পুরাতন বিল্ডিংটাতেই সংস্কার করে যেন করা হয়। তাহলে মাঠটি খেলার উপযোগী হয়ে থাকবে। তিনি চেষ্টা করছেন এই মাটি রেখে ভবনটি করা যায় কিনা।
তিনি আরো বলেন, মাঠ সংকুচিত হচ্ছে মানে খেলা ছোট হয়ে আসছে। নতুন প্রজন্মের যে শারীরিক বিকাশ তা সংকুচিত হয়ে যাচ্ছে। আমার পৌরসভার নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম নতুন করে খেলার মাঠ তৈরি করার। আমি চেষ্টা করছি খেলার মাঠ যেন নতুন করে তৈরি করা যায়। আমি আপনাদের সবার সহযোগিতা চাই।
অঙ্গীকার ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ কুমার সোমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, যুবলীগের সদস্য আব্দুল গনি, সাবেক ক্রীকেটার মশিউর রহমান শামীম, বাপসার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম কুদ্দুস রোকন প্রমুখ।
লিটল পাইটার্স ও ডিএক্স ইলেভেনের মধ্যকার খেলায় চ্যাম্পিয়ন হয় লিটল পাইটার্স। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
২৭ ডিসেম্বর, ২০২০।
