চাঁদপুর শহরে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কের মাতৃমঙ্গল হাসপাতালের পিছনে একটি ফ্ল্যাট বাসার ৫ম তলার ভাড়াটিয়ার কক্ষে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে বিকেলের যে কোনো সময় এ চুরির ঘটনাটি ঘেটেছে।
জানা যায়, মাতৃমঙ্গল হাসপাতালের পিছনে আরশাদ খান ভিলার ৫ম তলায় সৌদি প্রবাসী শাহজাহান পাটোয়ারীর পরিবার বসবাস করে আসছে। শনিবার সকালে শাহজাহান পাটোয়ারীর স্ত্রী তাসলিমা খানম তার বড় বোনের মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়ি সদর উপজেলার বালিয়া ইউনিয়নপর ফরাক্কাবাদে চলে যান। দুপুরের পর বাড়ির কেয়ারটেকার নামাজ আদায় করে কক্ষের ভেতর প্রবেশ করলে বাইরে থেকে চোরের দল দরজায় সিটকিরি বন্ধ করে। বিকেলে তৃতীয় তলার অপর ভাড়াটিয়া ছাদে কাপড় আনতে যাওয়ার পথে তাসলিমা খানমের দরজা খুলে দেখতে পেয়ে তাকে মোবাইলে জানান। তাসলিমা খানম বাপের বাড়ি থেকে ছুটে এসে দেখেন চোরের দল কাঠের আলমিরা, স্টিলের আলমিরা ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। চুরির খবর জানতে পেরে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
২৭ ডিসেম্বর, ২০২০।