শাহ্ আলম খান
যাদের রক্তের বিনিময়ে দুই যুগের পাকিস্তানী শাসনের অবসান ঘটেছিল বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৯তম বার্ষিকীতে সেই বীর সূর্য সন্তানদের স্মরণ করেছে জাতি।
বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩২ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মো. মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার মো.মাহবুবুর রহমান পিপিএম (বার) সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
তবে করোনা পরিস্থিতির কারণে এবার বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি। পর্যায়ক্রমে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতিমাসহ অন্যান্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮ টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯ টায় জেলা ও পৌর বিএনপি, জেলা ও পৌর যুবদল, জেলা ও পৌর ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিন। সারাদেশের মানুষ আজ আনন্দ-উৎসব এবং একই সঙ্গে বেদনা নিয়ে দিবসটি পালন করে। স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, গভীর বেদনা ও শ্রদ্ধায় তাদের স্মরণ করা হয়। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিজয় দিবস উদযাপনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
১৬ ডিসেম্বর, ২০২০।
