ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনের পরিচালনায় ইউএনও শিউলী হরির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার শহিদ উল্ল্যা তপদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির উজ্জামান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে আমাদের বিজয়ের আগমুহূর্তে যখন দখলদার পাকিস্তানি বাহিনী বুঝতে পারে যে তাদের পরাজয় অনিবার্য, তখন তারা তালিকা করে জাতির বরেণ্য সন্তানদের হত্যার জন্য ঘাতক বাহিনী আলবদর-আলশামসকে লেলিয়ে দেয়। তারা মার্চের নৃশংসতার পুনরাবৃত্তি করে ডিসেম্বরে পরাজয়ের আগমুহূর্তে চূড়ান্ত আঘাত হানে অদূর ভবিষ্যতের স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অভিপ্রায়। বাংলাদেশ যতদিন থাকবে এই বুদ্ধিজীবীদের সব সময় স্মরণ করতে হবে এবং নিজ নিজ উদ্যোগে আগামি প্রজন্মকে এর গুরুত্ব ও তাৎপার্য অবহিত করতে হবে। সকল মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা।
মুক্তিযুদ্ধের প্রথম প্রহর থেকে বিজয়ের আগমুহূর্ত পর্যন্ত যেসব বরেণ্য বুদ্ধিজীবীকে আমরা হারিয়েছি তাঁদের মধ্যে আছেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশীদুল হাসান, ড. আনোয়ার পাশা, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, আ ন ম গোলাম মোস্তফা, সেলিনা পারভীন প্রমুখ।
১৫ ডিসেম্বর, ২০২০।
