মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার চতুর্থ শ্রেণির অনিয়মিত কর্মচারী মো. হাতেম আলীর বিদায়ে ভালোবাসার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি
আ.স.ম মাহবুব-উল আলম লিপন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে স্বেচ্ছায় অবসরজনিত বিদায়কালীন সময়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করেন মেয়র। এসময় মেয়রের নেতৃত্বে পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান।
এছাড়া বিদায়ী কর্মচারী মো. হাতেম আলীকে জড়িয়ে ধরে পৌরসভা কার্যালয় থেকে সড়ক পথে নিয়ে আসেন মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। বিদায় বেলায় এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এদিকে একজন অনিয়মিত কর্মচারীর এমন বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা পৌরবাসীর হৃদয় ছুয়ে গেছে। মেয়রের এমন অনুকরণীয় দৃষ্টান্ত ভবিষ্যতে সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন সুধীজন।
পৌরসভা সূত্রে জানা গেছে, অনিয়মিত কর্মচারী হিসাবে মো. হাতেম আলী দীর্ঘ ১৯ বছর দৈনিক হাজিরাভিত্তিতে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। চলতি বছর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর বেশ কয়েকবার চিকিৎসা নিলেও তিনি সম্পূর্ণ সুস্থতা লাভ করেননি। যার ফলে নিয়মিত চাকরি করাটা তার জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই স্বেচ্ছায় চাকরি হতে অব্যাহতির আবেদন করেন হাতেম আলী।
এক প্রতিক্রিয়ায় হাতেম আলী বলেন, অসুস্থতার কারণে চাকরি হতে স্বেচ্ছায় অবসর নিয়েছি। চিকিৎসাকালীন সময়ে স্যার (মেয়র) আর্থিক সহযোগিতা এবং মানসিকভাবে অনেক সাহস দিয়েছেন। এখন বিদায় বেলায় স্যার যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি স্যারের কাছে ঋণী হয়ে গেলাম। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
‘একটি নতুন ধারার প্রতিফলন’ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন জানান, হাজীগঞ্জ পৌরসভার ইতিহাসে এই প্রথম কোন অনিয়মিত কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালাম। মো. হাতেম আলী প্রায় ১৯ বছর যাবত পৌরসভায় কর্মরত এবং এর আগে তার বাবাও পৌরসভায় কর্মরত ছিল, শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় আজ চাকরি থেকে বিদায় নিল।
তাই সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও অনিয়মিত কর্মচারীসহ সবার সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে তাকে (মো. হাতেম আলী) বিদায় দিলাম। বাংলাদেশের সব পৌরসভার প্রতি আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে তিনি আরো উল্লেখ করেন, যেসব অনিয়মিত কর্মচারী দীর্ঘদিন কাজ করার পরে স্বেচ্ছায় বিদায় নিতে চায় তাকে শূন্য হাতে বিদায় না দিয়ে ন্যূনতম কিছু আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
০৬ অক্টোবর, ২০২১।
