স্টাফ রিপোর্টার
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় পৌরসভার সম্মেলন কক্ষে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, আমাদের মধ্যে যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে তবে আমরা ভালো কাজগুলো করতে পারব। এ বছর আমরা আনন্দঘন পরিবেশে সবাই মিলে শারদীয় দুর্গোৎসব পালন করব। শারদীয় দুর্গাপূজা চলাকালে চাঁদপুর পৌরসভার আয়ত্তে থাকা ২৯টি পূজামণ্ডপে তৃতীয় শক্তি যেন উস্কানি দিতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। পূজা চলাকালে চাঁদপুর পৌরসভায় কন্ট্রোল রুম খোলা হবে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর প্রতিটি পূজামণ্ডপে দেওয়া হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক আমাদের জানাতে হবে। পৌর এলাকার পূজামণ্ডপগুলো মনিটরিং করবেন স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলররা। চাঁদপুর পৌরসভা এখন থেকে অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মী ও মোবাইল গাড়ির ব্যবস্থা রাখবে। যাতে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারে পূজামন্ডপের আশপাশের এলাকা। দুর্গা সমাপনী বিসর্জনের দিন পুরাণবাজার হাসপাতাল ঘাট ও নতুনবাজার এলাকার চৌধুরী সরজমিনে দেখে সংস্কার করা হবে। তাছাড়া পূজা উপলক্ষে পৌর এলাকার ২৯টি মন্দিরের সামনের সড়কে আলোর ব্যবস্থা করা হবে, চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে। তাছাড়া যেসব সড়কে গর্তের সৃষ্টি হয়েছে পূজার আগেই তা সংস্কার করা হবে। যেন পূজায় আগত ভক্তদের কোনো ধরনের সমস্যায় পরতে না হয়।
তিনি আরো বলেন, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড বাবুরহাটে ও আমরা নজরদারি করবো। আমরা চাঁদপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় ৫শ’ সিসি ক্যামেরা স্থাপন করবো। যাতে করে শহরে কোনো ধরনের অপরাধ না সংঘটিত হয় সেজন্য। তার মনিটর ১টি চাঁদপুর পৌরসভায় আর একটি থাকবে পুলিশ সুপারের কক্ষে। দুর্গা দেবীর বিসর্জনের সময় বিসর্জন স্থানে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস দায়িত্ব পালন জন্য অনুরোধ করা হয়। বিসর্জন স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে পৌরসভার মাধ্যমে।
এসময় আরো বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, অ্যাড. হেলাল হোসাইন, সচিব আবুল কালাম ভূঁইয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, হরিবোলা সমিতির সভাপতি অজয় ভৌমিক, পিপি অ্যাড. রণজিৎ রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান গোপাল সাহা, পুরাণবাজার রামঠাকুর দল সভাপতি পরেশ মালাকার, কাউন্সিলর মালেক শেখ, শফিকুল ইসলাম, গোপাল জিউর আখড়া কমিটির বাপ্পি পাল, নতুন বাজার পালপাড়া শিতলা মায়ের মন্দির কমিটির নির্মল পাল, পুরাণবাজার হরিসভা মন্দির কমিটির কার্তিক সরকার, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির কমিটির রণজিৎ সাহা মুন্নাসহ আরো অনেকে।
০৬ অক্টোবর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সদর উপজেলা পূজা পরিষদের সাথে পৌর মেয়রের মতবিনিময়
