অর্ধ লক্ষ টাকা দামের মোবাইল চুরি চাঁদপুর মডেল থানা পুলিশ কর্তৃক উদ্ধার

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে চুরি হওয়া অর্ধ লক্ষ টাকা দামের মোবাইল ফোন উদ্ধারের পর মালিককে বুঝিয়ে দিয়েছে মডেল থানা পুলিশ। গত শুক্রবার দুপুরে মালিককে মোবাইলটি চাঁদপুর মডেল থানায় বুঝিয়ে দেয়া হয়।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দী গ্রামের খান বাড়ির মৃত জালাল উদ্দিন খানের ছেলে মো. মোসলেহ উদ্দিন খান গত ৫ অক্টোবর তার ব্যক্তিগত কাজে চাঁদপুরে আসলে কালী বাড়ি এলাকা থেকে পকেটমার চক্রের সদস্যরা বিকেল সাড়ে ৫টায় সুকৌশলে মোসলেহ উদ্দিনের পকেট থেকে ৫৪ হাজার টাকা দামের ওয়ান প্লাস সিক্সটি মোবাইল সেটটি নিয়ে যায়। মোসলেহ উদ্দিন খান পকেট থেকে পড়ে গেছে ভেবে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি। পরবর্তীতে ৭ অক্টোবর ওয়ান প্লাস সিক্সটি মোবাইলের আইএমই ও সীম নম্বর উল্লেখ করে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন (নং-৩৫৯)। সাধারণ ডাইরির পর মডেল থানা অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন বিষয়টি তদন্তের জন্য সহকারী উপ-পরিদর্শক আবুল হাসেমকে দায়িত্ব দেন। আবুল হাসেম তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি চুরির বিষয়ে তদন্ত শুরু করেন।
তিনি জানান, অফিসার ইনচার্জ নাসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি উদ্ধারের কাজ করি। এই মোবাইলটি ৪ হাত ঘুরে পরবর্তীতে গুয়াখোলা এলাকার এক যুবকের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। তিনি জানান, এই মোবাইলটি এক ব্যক্তির কাছ থেকে ১৭ হাজার টাকায় কিনেছেন।
পরে গত শুক্রবার মোবাইলের প্রকৃত মালিক মোসলেহ উদ্দিন খানকে থানায় ডেকে এনে তাকে মোবাইলটি বুঝিয়ে দেয়া হয়।