আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে আলোচনা ও দোয়া

একমাত্র বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছি
……….আবু নঈম পাটওয়ারী দুলাল

স্টাফ রিপোর্টার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমী। গত সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে আক্কাছ আলী রেলওয়ে একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ৪৭ থেকে ৫৬ সাল পর্যন্ত তোমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য তারা ভাষার উপর আঘাত আনে। আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু স্বাধীনতা ও ভাষার জন্য কোন আপোষ নেই। তোমাদের ঐতিহাস জানতে হবে। কোন জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে এমন কোন ইতিহাস নেই। একমাত্র বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছি। কৃষক জামাল ও দর্জি কামাল ভাষা আন্দোলনের সময় শহীদ হন। তাদের বাড়ি হাজীগঞ্জের রাজারগাঁও। তখন কেউ তাদের কবর দেওয়ার জন্য সাহস করেনি। ঐসময় আব্দুল করিম পাটওয়ারী বাড়িতে দাফন করা হয়। এই প্রথম জামাল-কামালের কবর জেয়ারত করেছে বিদ্যালয়ের পক্ষ থেকে। সেজন্য তাদের আমি ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, শিক্ষিত হওয়া যায়, কিন্তু সুশিক্ষিত নাগরিক হওয়ার জন্যে আদর্শ মানুষ হতে হয়। আদর্শ সুনাগরিক দেশের অহঙ্কার। তোমরা একদিন আদর্শ নাগরিক হয়ে এ দেশের উন্নয়নে কাজ করবে, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। মনে রাখবে শিক্ষার কোনো বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ শিক্ষা বিস্তারে ছাত্র-ছাত্রীদের ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করছেন। তোমরা প্রধানমন্ত্রীর দোয়া এসব সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। একজন মানুষ হিসেবে এটাই তোমাদের কাছে প্রত্যাশা করছি।
আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক অ্যাড. আবু ফজলের বড় ছেলে, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।
শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাও. এমরান হোসেন। কোরআন থেকে তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আল ছামির জুম্মান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়াজী, শিক্ষক বদরুননেচ্ছা বিথী, সায়মা আহমেদ চৌধুরী, মরিয়ম বেগম, ফেরদৌসী সুলতানা, তানিয়া জেসমিন, ফরিদ আহমেদ, জাহিদ ইমতিয়াজসহ অন্যরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ৫টি শ্রেণির কক্ষে দেয়ালিকা উদ্বোধন করেন অতিথিরা। এর আগে সকালে ভাষা আন্দোলনের সময় শহীদ জামাল-কামালের কবর জেয়ারত করে আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনসহ শিক্ষকবৃন্দ। এর শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

২৩ ফেব্রুয়ারি, ২০২২।