স্টাফ রিপোর্টার
আজ ১১ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য অ্যাড. সিরাজুল ইসলামের ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ
থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।
১৯৯৯ সালের ১১ অক্টোবর রাত ১টা ৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অ্যাড. সিরাজুল ইসলাম ইন্তেকাল করেন। ফরিদগঞ্জের চরকুমিরা গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
অ্যাড. সিরাজুল ইসলাম চাঁদপুর রোটারী ক্লাব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি চাঁদপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও নির্লোভ ব্যক্তিত্ব ছিলেন তিনি। চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার একজন দক্ষ উপদেষ্টা হিসেবে ১৯৯২ সালে বিজয় মেলার শুরুতে তিনি ভূমিকা রাখেন। একজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতা হিসেবে অ্যাড. সিরাজুল ইসলাম ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। অ্যাড. সিরাজুল ইসলাম বেগম জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
তাঁর বড় মেয়ে অ্যাড. জারজিনা আক্তার ঢাকা জজকোর্টের আইনজীবী, বড় ছেলে সাইফুল ইসলাম সেন্টু চাকরিজীবী, মেজো ছেলে অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু চাঁদপুর বিশেষ পিপি (নারী ও শিশু নির্যাতন দমন আদালত) এবং ছোট ছেলে অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান।
১১ অক্টোবর, ২০২১।
