কিশোর গ্যাং রোধে সবাইকে সহযোগিতা করতে হবে
………জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
সজীব খান
চাঁদপুর জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মা ইলিশ রক্ষা ও মাদক- এটা জাতীয় ইস্যু। এ দুটোর জন্যই সবাই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে, অন্যরা করবে না- এটা হবে না। যেহেতু মাদক নিয়ে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স চেয়েছেন, সুতরাং আমরা সেটাই করতে চাই। কেউ মাদক নিয়ে কাজ করবে, আবার কেউ মাদকের পক্ষে সায় দিয়ে মানববন্ধন করবে- সেটা বরদাস্ত করা হবে না। সামনের প্রজন্মকে আমরা কি উপহার দেব? আজ যেভাবে মাদকে সয়লাব বেড়ে গেছে। ভারতের নায়ক শাহরুখ খানের ছেলে মাদকাসক্ত হয়ে গেছে। এভাবে আমাদের দেশেও তরুণ-তরুণীরা মাদকে আসক্ত হয় মেধাশূন্য হয়ে পড়ছে। ভয়ানক অবস্থা থেকে রেহাই পেতে সবারই আন্তরিক হতে হবে।
তিনি আরো বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় আমাদের সবারই কাজ করতে হবে। ৭০ কিলোমিটার নদী। ষাটনল থেকে চর-ভৈরবী পর্যন্ত নদীতে সারাদিন ইউএনও থাকলে মানুষের অন্যান্য সেবা কে দিবে? প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিরাও এ কাজে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে যারা নদী এলাকার পাশে, সেসব জনপ্রতিনিধিদের এ বিষয়ে আন্তরিক হবার আহ্বান জানান।
এছাড়া তিনি বলেন, নারী নির্যাতন, অন্যায়, অত্যাচার, কিশোর গ্যাং রোধে সবার যৌথ সহযোগিতা করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে বেশি শক্তিশালী ও কার্যকর করার জন্য সরকার তাদের ক্ষমতা দিয়েছেন। জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে এই ক্ষমতা প্রয়োগ বা বাস্তবায়ন করে সমাজে ভারসাম্যমূলক পরিবেশ তৈরি হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছেন। জেলা পুলিশ, টহল পুলিশ, ডিবি পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বেশ কিছু বাহিনী মাদক কারবারীদের আটক করতে কাজ করছে। ইতোমধ্যে আমরা কিছু মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব নিরাপদ রাখতে চাঁদপুরে জেলা পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকভাগে কাজ করবো।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনুদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহাবুবুল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোমেনা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সমাজসেবা অফিসের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
১১ অক্টোবর, ২০২১।
