মাহফুজ মল্লিক
পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম মোহন দুইদিনের সফরে আজ বুধবার (২৫ আগস্ট) চাঁদপুর আসছেন। পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবদুল আজিজের ১৯ আগস্ট স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই পত্রে প্রতিমন্ত্রীর দুইদিনের সফরের যেসব কর্মসূচি রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আজ বুধবার সকাল ৮টায় তিনি ঢাকার সরকারি বাসভবন থেকে মতলব উত্তরের উদ্দেশে রওয়ানা হবেন। সকাল সাড়ে ১০টায় মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাড়িতে অবস্থান করবেন। বেলা ১১টায় মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ, দুপুর ১২টায় একই স্থানে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়, দুপুর ১টায় নামাজ, মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম।
একই দিন দুপুর আড়াইটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময়, বিকাল সাড়ে ৩টায় একই স্থানে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে বিকাল সাড়ে ৪টায় চাঁদপুরের উদ্দেশে রওয়ানা ও বিকাল ৫টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিতি, নৈশভোজ ও রাত্রিযাপন।
আগামিকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময়, দুপুর ১২টায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান পরিদর্শন এবং চাঁদপুর শহর রক্ষা বাঁধের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ। দুপুর আড়াইটায় সার্কিট হাউজে চাঁদপুর জেলার জনপ্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় শেষে ঢাকাস্থ সরকারি বাসভবনের উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন তিনি।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রফেসর ড. শামছুল আলম মোহনের চাঁদপুর ও মতলবে এটাই প্রথম সফর। গত ১৮ জুলাই তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।
২৫ আগস্ট, ২০২১।
