প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার। অনুষ্ঠানে চাঁদপুরের দুই কৃতী সন্তান, দেশের বরেণ্য দুই ব্যক্তিত্ব সংবর্ধিত হবেন। আজ বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিরো অব বিল গেটস-২০২০ প্রফেসর সমীরকে সাহা, পিএইচডি ও এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চাঁদপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি)।
এছাড়া জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপ্রধান থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী। সন্ধ্যায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন চাঁদপুরের কৃতী সন্তান দেশখ্যাত কণ্ঠশিল্পী এসডি রুবেল।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে চাঁদপুরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।
