আজ থেকে পাল বাজার ঈদগাহ মাঠে

স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন ও জেলা মার্কেটিং অফিসের যৌথ উদ্যোগে চাঁদপুর শহরের পাল বাজার আজ বুধবার (২২ এপ্রিল) থেকে ঈদগাহ্ মাঠে বসবে। এখানে পাল বাজারের তরকারি ও মাছ বাজারের ব্যবসায়ীরা করোনার ভয়াবহতা না কাটা পর্যন্ত ব্যবসা পরিচালনা করবে বলে জানা গেছে।
বাজার পরিচালনা কমিটির সদস্য মো. হারুন পাটোয়ারী জানান, বৈশ্বিক করোরা ভাইরাসে দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনার জন্য জেলা প্রশাসন আমাদের সাথে মতবিনিময় সভা করে এ সিদ্ধান্ত দিয়েছে এখানে পালের বাজারের মাছ ও কাঁচা তরকারির দোকানগুলো স্থানান্তর করার জন্য। বুধবার সকাল থেকে ব্যবসায়িরা পণ্য বিক্রির উদ্দেশে এখন থেকেই তাদের সবার স্থান নির্ধারণ করছে।
গত রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল মঙ্গলবার থেকে খোলা মাঠে কাঁচা তরকারি ও মাছ বাজার বসতে শুরু করেছে। গত সোমবার থেকে বাবুরহাট বাজার স্থানান্তর করে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে নেয়া হয়েছে।
এছাড়া করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারের কাঁচামাল যাবে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এবং ওয়্যারলেস বাজারের ব্যবসায়ীরা রাস্তার উপরে দূরত্ব বজায় রেখে বাজার পরিচালনা করবে।
এদিকে একাধিক সূত্র থেকে জানা যায়, বাবুরহাট বাজারের তরকারি ও মাছ বাজার স্কুল এন্ড কলেজ মাঠে নিলেও মূল বাজারে লকডাউন মানছে না ব্যবসায়ী ও ক্রেতারা। প্রতিনিয়তই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগেই রয়েছে। এতে করে বাবুরহাট বাজারের ব্যবসায়ীরা করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে।

২১ এপ্রিল, ২০২০।