মতলব উত্তরে ৯ম শ্রেণির ছাত্রীকে জবাই করে হত্যা

কিন্ডারগার্টেনের কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে জবাই করে হত্যা করে লাশ স্কুলের কক্ষে রেখে দিয়েছে হত্যাকারীরা। প্রায় এক মাস ধরে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তার নিখোঁজের বিষয়ে থানায় জিডি ছিল।
ওই ছাত্রীর নাম শারমিন আক্তার কাকলী। সে মমরুজকান্দি সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম বজলু বেপারী। বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বলটি অক্সফোর্ড একাডেমীর একটি কক্ষে গেলে সেই বল কুড়াতে যেয়ে শিশুরা একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।
পরে কাকলীর মা রোকেয়া বেগম এসে কাকলীকে শনাক্ত করে। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব, মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন।

২২ এপ্রিল, ২০২০।